দৌলতপুরে প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকা অসহায়দের মাঝে বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা
সাইদুর রহমান (কুষ্টিয়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকা অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বুধবার (২৫ মার্চ) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অর্থের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু রোগী ও অসহায় মানুষের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২০০ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া মোট ১০ লাখ টাকা চেকের মাধ্যমে বিতরণ করেন তিনি।
এ সময় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুরের মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় পাশে থাকবেন।
তিনি আরও জানান, আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা চালু থাকে এবং আমার বাড়ির দরজা সবার জন্য খোলা। যেকোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন।
তিনি বলেন, আমি শুধু একটি দলের এমপি নই, আমি পুরো দৌলতপুরবাসীর প্রতিনিধি। সকলের সুখে-দুঃখে পাশে থাকতে চাই সব সময়।
রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে একসাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কে কাকে ভোট দিয়েছে সেটা আমার বিবেচ্য নয়। জনগণের ভোটেই আমি নির্বাচিত হয়েছি, তাই সকলকে নিয়েই এগিয়ে যেতে চাই।
আইনশৃঙ্খলা বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, দৌলতপুরে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর স্থান হবে না। এমনকি কেউ তার দলের হলেও তাকে আইনের আওতায় আনা হবে।
সম্প্রতি ইরান-ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর প্রভাব বাংলাদেশসহ দৌলতপুরেও পড়েছে। তবে এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































